সাধারণ

জকিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon
জকিগঞ্জ প্রতিনিধি : 

০৯ই সেপ্টেম্বর, ২০২৬

জকিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজে সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেলের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শাহেদ আহমদ রাসেলের পৃষ্ঠপোষকতায় মানবিক ও শিক্ষাবান্ধব এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় তিনটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন— মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ, সোনাপুর-সুপ্রাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটি এবং ‘মুক্তমন’ বীরশ্রী।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে ছয় শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহনে সহায়তার লক্ষ্যে শাহেদ আহমদ রাসেল কয়েকজন শিক্ষার্থীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানের খেলার মাঠ প্রশস্ত ও সংস্কারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন তিনি।

গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রী বিবেক বিহারি বিশ্বাসের সভাপতিত্বে এবং মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সদস্য গাউছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক শাহেদ আহমদ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সিনিয়র সদস্য ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সিনিয়র সদস্য রুজেল আহমদ চৌধুরী এবং সংগঠক দুহা আহমদ।

অনুষ্ঠানে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন জামিল আহমদ জামাল, কামরুল ইসলাম, মাহবুব আহমদ, কাজী হামিদুর রহমান, রাহিম আহমদ, মাহফুজ চৌধুরী, মিলাদ আহমদ, জিদান আহমদ ও সাত্তার আহমদ।

‘মুক্তমন’ বীরশ্রীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, জামাল আহমদ, গাউছুল আলম, রাহিম চৌধুরী ও দিদারুল ইসলাম।

এ ছাড়া সোনাপুর-সুপ্রাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, প্রবাসী সদস্য আব্দুস সবুর এবং উপদেষ্টা মখলিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন, ক্রীড়ার বিকাশ ও মানবসেবায় শাহেদ আহমদ রাসেলের অব্যাহত সহযোগিতা এবং তিনটি সংগঠনের যৌথ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।