নির্বাচিত সংবাদ
০৯ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেট মহানগরের মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন পিকআপ ও একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মোগলাবাজার থানাধীন নৈখাই খালেরমুখ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয় যেতে সক্ষম হয়।
অভিযানে আটকরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. নুর হাকিম (৩০), শৌলমারী গ্রামের আজবাহার মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং নতুনবন্দর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. এহসানুল হক (২৬)।
এসব তথ্য দৈনিক সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম।
তিনি জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা০ স্বীকার করেছে যে, তারা পলাতক আসামিদের সহায়তায় সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন ও বেচাকেনা করে আসছিল।
এ ঘটনায় এ তিনজনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার তাদের আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মো. মঞ্জুরুল আলম।