সিলেট
১৮ই জুন, ২০২৬
কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাজাগঞ্জ দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন (বড়দেশী)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির প্রবীণ শিক্ষক মাওলানা শামসুল ইসলাম (কোনাগামী)।
অভিযোগে জানা যায়, মাওলানা শামসুল ইসলাম টানা ৪৫ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি দাবি করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই মাদ্রাসার মুহতামিম ও কমিটির কয়েকজন সদস্য ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তাকে চাকরিচ্যুত করেছেন। একই সঙ্গে মাদ্রাসায় বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করেন তিনি।
এদিকে, দীর্ঘদিনের একজন প্রবীণ শিক্ষককে এভাবে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, জীবনের দীর্ঘ সময় ওই মাদ্রাসার খেদমতে ব্যয় করা একজন শিক্ষককে অবশিষ্ট জীবনও সম্মানের সঙ্গে সেখানে কাটানোর সুযোগ দেওয়া উচিত। তাদের মতে, যদি কোনো কারণে তাকে অব্যাহতি দিতেই হয়, তবে তা মর্যাদা ও সম্মানের সঙ্গে হওয়া প্রয়োজন ছিল।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন (বড়দেশী)। তিনি বলেন, “উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন। বার্ধক্যজনিত কারণে মাওলানা শামসুল ইসলাম নিয়মিত ক্লাস পরিচালনা করতে পারতেন না। অনেক সময় ক্লাসে ঘুমিয়ে পড়তেন। এ কারণে তাকে নোটিশ গ্রহণের জন্য জানানো হয়েছিল। কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি। এমনকি সর্বশেষ এক মাসের বেতনও গ্রহণ করেননি।
রিপোর্ট: জাকির আহমদ সাজেদ
আপলোড: শিউলি