লিড
০১ই মে, ২০২৬
শনিবার (২ মে) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি প্রধানের এটাই...
সচিত্র সিলেট রিপোর্টার :
শনিবার (২ মে) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি প্রধানের এটাই প্রথম সিলেট সফর।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারপ্রধানের নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম সচিত্র সিলেটকে জানান- প্রধানমন্ত্রীর সফরকেন্দ্রীক নিরাপত্তার নেতৃত্বে এসএসএফ। আমাদেরকে (মেট্র্রোপলিটন পুলিশ) যে যে স্পটে যেভাবে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে আমরা সব করছি। এছাড়াও পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমাদের টহল আরও জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলোকে খুবই সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশ, সাদা পোষাকে অতিরিক্ত পুলিশ। এছাড়া অন্যান্য সংস্থাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। এককথায় সিলেট এখনো সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢাকা।
তিনি আরও জানান- এসএসএফ নির্দেশিত বিশেষ নিরাপত্তাব্যবস্থা আজ থেকেই কার্যকর হয়েছে সিলেটজুড়ে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার অংশ হিসেবে তাঁর অনুষ্ঠানস্থল সিলেট জেলা স্টেডিয়াম, জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার এলাকা ও সিলেট শিল্পকলা একাডেমি পরিদর্শন করেছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)। তিনি এসব স্থান পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এদিকে, প্রধানমন্ত্রীর ‘প্রথম’ সফরকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশা আকাশছোঁয়া। দলীয় নেতাকর্মীদের মাঝেও বইছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রীর এই সফর স্মরণীয় করে রাখতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে।
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়স্থ চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সার্কিট হাউসে অংশ নেবেন সুধী সমাবেশে।
এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর।
এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন তারেক রহমান।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে শহরের বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সড়কদ্বীপে নতুন করে গাছ লাগানো ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফেস্টুন টানানো হয়েছে।