সিলেট

সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১৯ই জুন, ২০২৬

সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। তবে সিলেটে এমন আশঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ- সচিত্র সিলেটকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তাদের সব থানা ও ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল বের করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে তাদের সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের এসব বেআইনি কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের উপরও হামলা বা চড়াও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সম্ভাব্য যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজিকে (অপারেশনস) মাঠপর্যায়ে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম শুক্রবার (১৯ জুন) বিকালে সচিত্র সিলেটকে বলেন- সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আমার সব থান ও ইউনিট-পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি আমাদের নিজস্ব সূত্রগুলোর মাধ্যমে সর্বদা তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোথাও কেউ বা কোনো সংঘবদ্ধ গোষ্ঠী বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুন সকালে সিলেট মহানগরের নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল দেখা গেছে। মিছিলটি তারা করেছে পুলিশের সামনেই। তবে মিছিলের পরপরই চারজনকে এবং গতকাল আরেকজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানাপুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মহানগরের বন্দরবাজার এলাকা থেকে ফুয়াদ আহমদ (৩২) নামের এ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিনি কোতোয়ালি থানাধীন বিলপার এলাকার ৪২ নং বাসার কয়েস আহমদের ছেলে।

মিছিলের পরপরই আটকরা হলেন- ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ। এরা সবাই আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
এর আগে মিছিলের ঘটনায় বৃহস্পতিবার কোতোয়ালি থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬৯জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে  মামলা দায়ের করেন। মামলার এজাহারে ২৪ জনের নামোল্লেখ করা এবং অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে ৪০/৪৫ জনকে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের নির্দেশে এই মিছিলে আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।