সিলেট

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৮ নির্মাণ শ্রমিক নিহত

Icon
নিজস্ব প্রতিবেদক

০৩ই মে, ২০২৬

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৮ নির্মাণ শ্রমিক নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশার ইদ্রিসের স্ত্রী নার্গিস (৪৫), কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পান্ডব বিশ্বাস (২০), সিলেট সদরের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (২৬) ও মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

তাদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)।

নিহত সবাই ডিআই পিকআপে করে নির্মাণকাজে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

৮ জন নিহতের বিষয়টি সচিত্র সিলেটকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ জামান।