সিলেট
০৮ই সেপ্টেম্বর, ২০২৬
মহানগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির অভিযোগে গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এক কিশোরীকে আটক করে শেকল দিয়ে বেঁধে রাস্তায় ঘুরানোর সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের নিয়ে আসার কথা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সারোয়ার মুর্শেদ শামীম।
তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে দৈনিক সচিত্র সিলেটকে বলেন- আমি একটি জরুরি কাজে ঢাকায়। তবে বিষয়টি আমরা জেনেছি, এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের নিয়ে আসা হবে।
মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- শাহজালাল উপশহর এলাকায় এক কিশোরীকে কোমড়ে শিকল বেঁধে টেনে নিয়ে চলছেন এক যুবক। এসময় ওই কিশোরীটি অঝোরে কেঁদে চলছেন। তাকে বেশ কিছুটা পথ শিকল বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। ভিডিওতে টেনে নেওয়া ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়কে শেকল বেঁধে ওই মেয়েকে টেনে নেওয়া হয়। এর আগে মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় ব্যবসায়ীসহ কয়েকজন।
মসজিদ মার্কেট এলাকার ব্যবসায়ীদের অভিযোগ- সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানে ক্যাশ বাক্স চুরির চেষ্টা করেন এক কিশোরী। এ সময় ব্যবসায়ী ও স্থানীয়রা মিলে ওই কিশোরীকে আটক করেন।
এসময় প্রথমে তাকে মারধর করে শেকল বেঁধে সড়কে হাঁটানো হয় বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট শাহপারাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌরদোস আহমদ বলেন, গত রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দেরর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই মেয়েকে ধরে নিয়ে আসে। তার বয়স ১৫/১৬ বছর হবে। স্থানীয়দের অভিযোগ ছিলো- মেয়েটি দোকানের ক্যাশবাক্স চুরি করেছে। তবে তারা কেউই আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করননি। এমনকি মেয়েকে থানায় নিয়ে আসার পর তারা কোন সহযোগিতাও করেননি। পরে মেয়েটিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ (SMP Act)-এর ৮৯ ধারায় আদালতে সোপর্দ করা হয়।