সিলেট
০৮ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেট নগরের যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রিহুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলনকক্ষে ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় সভাপতিত্ব করার সময় পুলিশ সদস্যদের এ নির্দেশ দেন তিনি।
সভায় পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন। পরে কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন এবং কয়েকটি বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন।
সভায় পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরের জনদুর্ভোগ কমাতে এবং নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রিহুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এছাড়া যানবাহন নিয়ন্ত্রণ ও নগরের যাতায়াতব্যবস্থা শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে ট্রাফিক বিভাগের ১৬ সদস্যকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক; অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) সুদীপ্ত রায়সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের টিআই, সার্জেন্ট ও টিএসআই, এএসআই ও এটিএসআইসহ অন্যান্য সদস্য।