সিলেট

সিলেটে ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা পরিচয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৮ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা পরিচয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দা ও সিলেটে কর্মরত এক ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। ওই অ্যাকাউন্ট থেকে ধর্মীয় বিষয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ রায় গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিশ্বজিৎ রায় মধ্যনগর পূর্বপাড়ার বেণু মাধব রায় ও অঞ্জনা রানী রায়ের ছেলে। তিনি বর্তমানে গোয়াইনঘাটের জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনে দায়িত্ব পালন করছেন।

পুলিশ কর্মকর্তা জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে পরিচিত এক সাংবাদিকের কাছ থেকে তিনি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টটির বিষয়ে জানতে পারেন। পরে লিংকে প্রবেশ করে দেখতে পান, তার নাম এবং ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে একটি নকল আইডি তৈরি করা হয়েছে।

তার অভিযোগ, ওই অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআন, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.) সম্পর্কে আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। তবে এসব পোস্টের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বিশ্বজিৎ রায় বলেন, তার আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে কখনো এ ধরনের কোনো পোস্ট দেওয়া হয়নি। নকল আইডিটিতে বিভিন্ন ধরনের বানান ভুলও রয়েছে। তাকে সামাজিকভাবে হেয় করা এবং তার পরিবার ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে বলে তিনি মনে করেন।

ঘটনার বিষয়টি জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ তপন তালুকদারকে জানানোর পর তিনি গোয়াইনঘাট থানায় জিডি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্টটির পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।