সিলেট
০৮ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় জোরদার অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইনের আওতায় ১৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।
এসএমপি সূত্রে জানা যায়, রবিবার দিবাগত (৭ সেপ্টেম্বর) মধ্যরাত রাত সোমবার মধ্যরাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এই সমন্বিত অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ৬৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া বিভিন্ন অপরাধী রয়েছে।
এছাড়া অভিযানকালে আসামিদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে মহানগরীর ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের পরিচালিত অভিযানে মোট ১৬৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় কাগজ ও নিয়ম ভঙ্গের কারণে ৮৩টি যানবাহন আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এসএমপি জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরবাসীর নিরাপত্তা ও একটি ‘নিরাপদ সিলেট’ গঠনে মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।