সিলেট
০৮ই সেপ্টেম্বর, ২০২৬
দীর্ঘদিন পর নির্বাচনের পথে এগোচ্ছে সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর সম্ভাব্য ৩ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রেসক্লাবে বাদ পড়া সদস্যদের রিভিউ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণার বিষয়টি জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু জানান, আগামী বুধবার নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত তারিখ ও নির্বাচনের অন্যান্য বিষয় তফসিল ঘোষণার সময় বিস্তারিত জানানো হবে।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব সিলেটের গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের পেশাগত ঐক্য ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে গোলাপগঞ্জে কর্মরত মূলধারার সাংবাদিকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়েও চলছে আলোচনা। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ সময় নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ ও শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।