সিলেট
০৮ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেটের কানাইঘাটে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৮ নম্বর পলাতক আসামি নাহিয়ানকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাহিয়ান কানাইঘাট উপজেলার আগস্টৌড় (নারায়ণপুর) গ্রামের বিটি মড়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান- আজিজুর রহমান ও আসামিরা একই এলাকার প্রতিবেশী। অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় আজিজুর রহমান তাতে বাধা-নিষেধ প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা আজিজুরকে হত্যার হুমকি দিয়ে আসছিলো তারা।
গত ১৭ জুলাই জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পর আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুর রহমানের উপর হামলা চালান। এ সময় চাইনিজ কুড়াল দিয়ে তার পেটে সজোরে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই আজিজুরের মৃত্যু হয়।
এ ঘটনায় পরে আজিজুর রহমানের মা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯। পরে ২ আগস্ট এই মামলার ৪ নম্বর আসামি এবং মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আসামি নাহিয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারের পর তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।