সিলেট
০৮ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী পরিষদের চেয়ারম্যান কর্তৃক এই কমিটির সদয় অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
অনুমোদিত এডহক কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি জেলা প্রশাসক, সদস্য পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ ও সদস্যসচিব রেজাউল করিম নাচন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়- অনুমোদিত এই অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, সদস্যসচিবের দায়িত্বপ্রাপ্ত রেজাউল করিম নাচন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালন ছাড়াও, সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। বর্তমানে তিনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এছাড়া সিলেট জেলা দলের হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে তাঁর।
রেজাউল করিম নাচন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।