সাধারণ

ঘুরে দাঁড়ানোর নামই জীবন : আদিবা

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

০৭ই সেপ্টেম্বর, ২০২৬

ঘুরে দাঁড়ানোর নামই জীবন : আদিবা

সিলেট জেলা বিএনপির নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক সুস্থতার মাধ্যমই শুধু নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। খেলাধুলা আমাদের শেখায় সাময়িক হার মানেই সব শেষ নয়, বরং ঘুরে দাঁড়ানোর নামই জীবন।

রোববার (৬ সেপ্টেম্বর) সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এমসি গ্রাউন্ড ক্রিকেটার্স আয়োজিত ক্রিকেট লীগের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা আদিবা হোসেন আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ঘোষিত ইশতেহারে দেশের খেলাধুলার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রতিটি জেলা ও উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণ এবং ৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নে এসব পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখলে হবে না; এটিকে পরিপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একজন খেলোয়াড় যখন খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন, তখন তার পরিবারও তার ওপর আস্থা রাখতে পারবে। একই সঙ্গে একজন ক্রীড়াবিদ নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলভাবে পৌঁছাতে পারবেন।

ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন খেলোয়াড় নিজেকে সফলতার জন্য প্রস্তুত করতে পারেন।

সেমিফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি আব্দুল কাদির সেলিম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কুটি মিয়া, লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক তাজির আহমদ তাজ।