সিলেট
০৭ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেটে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুটি রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরের বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ ভাই, বেঙ্গল লাউঞ্জ, পানসী ও রাজবাড়ি রেস্টুরেন্টের রান্নাঘর, ফ্রিজ, নিবন্ধনসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ লুনা।
অভিযানকালে রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অন্যদিকে, পানসী রেস্টুরেন্টে অভিযানকালে উল্লেখযোগ্য কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে রাজবাড়ি রেস্টুরেন্টের নিবন্ধন নিয়ে জটিলতার বিষয়টি সামনে আসে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রায় দুই বছর আগে জমা দেওয়া হলেও এখনো জেলা প্রশাসনের নিবন্ধন সনদ পাওয়া যায়নি।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, সংরক্ষণ ব্যবস্থা, ফ্রিজ ও প্রয়োজনীয় নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়মিত নজরদারির আওতায় আনা হচ্ছে।