সিলেট
০৭ই সেপ্টেম্বর, ২০২৬
মৌলভীবাজারের বড়লেখায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সৃজয়ী দাস ওই গ্রামের শাওন দাসের একমাত্র কন্যা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছু সময় পর বাবা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।