সিলেট

মন্ত্রী আরিফ চৌধুরীর সিলেটে ‘লম্বা’ সফর

Icon
সচিত্র সিলেট রিপোর্টার

০৭ই সেপ্টেম্বর, ২০২৬

মন্ত্রী আরিফ চৌধুরীর সিলেটে ‘লম্বা’ সফর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিনের সরকারি ও পারিবারিক সফরে সিলেটে অবস্থান করবেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রীর দপ্তর থেকে বিজন কুমার সিংহ (উপসচিব) স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।  

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকা সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমানযোগে সিলেট পৌঁছাবেন মন্ত্রী। বিমানবন্দরে উপস্থিতি শেষে তিনি সরাসরি সিলেটের নিজ বাসভবনে যাবেন এবং রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও মতবিনিময় করবেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে শ্রমজীবী ও তাঁদের পরিবারের মাঝে চিকিৎসা ও শিক্ষার আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন। একইদিন বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদেও অনুরূপ চেক বিতরণ শেষে সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনে ফিরবেন।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলা সফর করবেন মন্ত্রী। সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন করবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিলেটে নিজ বাসভবনে অবস্থান করে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

সফর শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দেওয়ার কথা রয়েছে।