সিলেট
০৭ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আরও ৪ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগরের রিকাবীবাজার পয়েন্ট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং শাহ তাহমিদ আহমদ (৩৩)। গ্রেফতারকৃতদের মধ্যে সুফিয়ান হোসেন শাহপরাণ থানার স্প্রিং টাওয়ারের বাসিন্দা এবং বাকি তিনজন বিয়ানীবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান- গ্রেফতারকৃত আসামিরা সিলেট মহানগরের বিভিন্ন স্থানে সংগঠিত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়ে আসছিলো। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় ইতিপূর্বে দুটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় পূর্বের আরও তিনটি ফৌজদারি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত চারজনকে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের একজনকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মহানগরের জল্লারপাড় এলাকা থেকে এবং আরেকজনকে রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নেহারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুজন ছিলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। তারা দুজনই সিলেট মহানগরে বসবাস করতেন।