সিলেট

সিলেটে হামের প্রকোপ: একদিনে হাসপাতালে দেড় শতাধিক

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৭ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে হামের প্রকোপ: একদিনে হাসপাতালে দেড় শতাধিক

সিলেটে ২৪ ঘণ্টায় হাম-উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫১ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে পুরো বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪২১ জন রোগী। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসাধীন।

এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতাল, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ও সন্দেহভাজন হিসেবে মোট ১৫৮ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে জানুয়ারি থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হওয়া ১ হাজার ৩১ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে সিলেটে ৩৬৩ জন ও দ্বিতীয় সর্বোচ্চ সুনামগঞ্জে ৩৫৭ জন।

এছাড়া মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছেন। 

অপরদিকে, চলতি বছর বিভাগে মোট মৃত্যু হওয়া ১৫৮ জনের মধ্যে ১০ জনের নিশ্চিত হামে মৃত্যু হয়েছে এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ বা সন্দেহজনক কারণে।