সিলেট

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

Icon
জৈন্তাপুর প্রতিনিধি

০৬ই সেপ্টেম্বর, ২০২৬

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় টাস্কফোর্সের সমন্বিত অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, বড়গাং এলাকায় নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। এতে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।