সিলেট

সিলেটে গড়ে প্রতিদিন সড়কে ঝরে একাধিক প্রাণ

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৬ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে গড়ে প্রতিদিন সড়কে ঝরে একাধিক প্রাণ

চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটেছে আগস্ট মাসে। গত মাসে (আগস্ট) সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানি হয়েছে।

এ মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দূর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। যা চলতি বছরে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রানহানির ঘটনা। এর আগে চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৫১ জনের প্রানহানির ঘটনা ঘটে।

রবিবার (৬ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী- আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় ৩টি সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার  জেলায়।

জানা গেছে, আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি  সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। মাসটিতে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

নিসচা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন চালক ও ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন পথচারী নিহত হয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ২৭ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। 

আগস্ট মাসে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে নিসচা’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা’র প্রতিবেদনে আগস্ট মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং করা, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলানো,মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।