সিলেট
০৬ই সেপ্টেম্বর, ২০২৬
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল এবং বাংলাদেশ থেকে পাচারকালে পোশাক সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
রবিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনস্থ বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির জোয়ানরা নিজ নিজ এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালান। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বেশ কিছু টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্ট আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিষয়ে প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।