সিলেট
০৬ই সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন বিন্যাস পরিবর্তন করে স্লিপার কোচে রূপান্তর ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি পরিবহনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ আজ রবিবার দুপুরে জানিয়েছেন- সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের অভ্যন্তরীণ কাঠামো বা আসন বিন্যাস পরিবর্তন করতে হলে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে আইন অমান্য করে কিছু পরিবহন চেয়ার কোচ ভেঙে বেড বা স্লিপারে রূপান্তর করে যাত্রী পরিবহন করছিল। এসব অনিয়মের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ধারায় সুনামগঞ্জে বেঙ্গল পরিবহনকে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৩০ হাজার টাকা এবং ইম্পেরিয়াল পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৯ কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।