সাহিত্য
০৬ই মে, ২০২৬
তোমার হাসি যেন বৈশাখের নীল আকাশ,
প্রখর রোদে ঝলসানো এক রুক্ষ দীর্ঘশ্বাস।
একপাশে তার তপ্ত দুপুর,
অন্যপাশে কালবৈশাখী
সেই হাসিতেই পুড়ছি আমি,
আমায় দাওনি তো ফাঁকি।
যেমন করে ঝড়ের দাপটে ভেঙে পড়ে বটের ডাল,
তেমনি তোমার হাসির ঝাপটায় ওলটপালট আমার ইহকাল।
শান্ত নদীর বুক চিরে যেমন আচমকা তুফান ওঠে,
তোমার ঠোঁটের কোণে হাসি ফুটলেই, আমার মৃত্যু তিলে তিলে জোটে।
রোদে পোড়া মাঠের মতো চাতক হয়ে চেয়ে থাকি,
তুমি হাসলে যেন আগুন বৃষ্টি,
তাতে আমি হারিয়ে যাই বাকি।
যে বৈশাখ নতুন করে প্রাণের গান গায়,
সেই বৈশাখী হাসিতেই কেন কেউ অবেলায় ফুরিয়ে যায়?
সচিত্র সিলেট/ আব্দুল খালিক