নির্বাচিত সংবাদ
১০ই জুন, ২০২৬
সিলেট-ঢাকা মহাসড়কে একের পর এক ঘটেই চলেছে বড় দুর্ঘটনা। ঝরছে তাজা প্রাণগুলো।
এবার মহাসড়কটির হবিগঞ্জের মাধবপুরে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সিএনজি চালক আক্কাছ মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তৎপর হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।