টপ-১

ডা. অচিনপুরীর সঙ্গে যা ঘটলো

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১০ই জুন, ২০২৬

ডা. অচিনপুরীর সঙ্গে যা ঘটলো

সিলেটের কৃতিসন্তান, জনপ্রিয় চক্ষু বিশেষজ্ঞ ও সুরকার ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) প্রতারণার শিকার হতে চলেছিলেন। তবে যাচাই করতে গিয়ে রক্ষা হয়েছে তাঁর।

ঘনিষ্ট বন্ধু পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে স্ত্রী মরে গেছেন উল্লেখ করে অচিনপুরীর কাছে ৩০ হাজার সহযোগিতা চাওয়া হয়। তবে সরাসরি বন্ধুকে কল দিলে প্রতারণাচেষ্টার বিষয়টি ধরা পড়ে। 

আজ বুধবার (১০ জুন) সকালে এক ফেসবুক পোস্টে ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন- ‘একটা ফোন কল আসলো। আমার ঘনিষ্ঠ এক বন্ধুর ছবিও ভেসে উঠলো। কান্নাজড়িত ভাঙা কন্ঠস্বর। দোস্ত, আমি এভারকেয়ার হাসপাতাল থেকে বলছি। কিছুক্ষণ আগে তোর ভাবী মারা গেছেন। বলেই কান্না জুড়ে দিলো। ঘটনার আকস্মিকতায় আমিও আবেগপ্রবণ ও হতবিহ্বল হয়ে গেলাম। বলতে থাকলো দোস্ত, এইতো দু' জন একসাথে হজ্জ করে আসলাম। কি থেকে কি হয়ে গেলো!  আমি বললাম আমি এভারকেয়ার আসছি, এক্ষুনি।  তুই লাশ নিয়ে ঢাকা থেকে যাইস না, আমি আসছি। ও প্রান্ত থেকে বললো, না, এসে তুই পাবি না, সব গোছানো শেষ, এক্ষুনি রওয়ানা দিবো, দোয়া করিস।  দোস্ত, হাসপাতালের বিল পরিশোধ করে হাত একদম খালি, ব্যাংকও বন্ধ।  বন্ধু, পারলে হাজার ত্রিশেক টাকা আমাকে বিকাশে পাঠিয়ে দে। আর দোয়া করিস। আমি বললাম,  ওকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। 
টাকা পাঠাতে যাবো তখন ভাবলাম চেক করে দেখিতো কলটা ফোনে না হোয়াটসঅ্যাপে এসেছিলো?  দেখলাম হোয়াটসঅ্যাপে এসেছে। সরাসরি ফোনে কল দিলাম যাচাই করতে। ফোন ধরলো আমার বন্ধু। তুমি কি এভারকেয়ার, ঢাকায়? না তো, আমি বগুড়ায়। ভাবীর কি অবস্থা,ভালো? হ্যা, ভালো। অসুস্থ না তো? না। 
হায় হায়, তাকে বললাম, তোর হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, ভাবীকে মেরে ফেলেছে রে! 
ফোনে তাকিয়ে দেখি ঐ লোক মেসেজ দিয়েছে,  "বিকাশ নম্বর পাঠিয়েছি দোস্ত" 
আমি উত্তর দিলাম, " দোস্ত, ভাবীর সাথে আমার যোগাযোগ হয়েছে, টাকা আমি বিকাশে পাঠিয়ে দিবো। উনি কবর থেকে টাকা রিসিভ করে নিবেন। তুই চিন্তা করিস না। দোয়া করতে থাক।" 
এরপর আর কোন রেসপোন্স নাই।’

তবে কোনদিন এ ঘটনা ঘটেছে তা ফেসবুক পোস্টে উল্লেখ করেননি ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী)।