নির্বাচিত সংবাদ

বদলে গেছে চন্ডিপুলের গোলচত্বরের নাম

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

১০ই জুন, ২০২৬

বদলে গেছে চন্ডিপুলের গোলচত্বরের নাম

বদলে গেছে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার গোলচত্বরের নাম। আগে ছিলো ‘আব্দুস সামাদ আজাদ চত্বর’ , এবার হয়েছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান চত্বর’।

জানা গেছে, গত শনিবার বিকেলে পুরোনো নাম মুছে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়। এ কার্যক্রম ফেসবুক লাইভের মাধ্যমে প্রচার করা হয়েছে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন খেলাফত মজসিলের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী। তিনি ‘এম এ খান চত্বর বাস্তবায়ন কমিটি’র যুগ্ম-আহ্বায়ক।

নতুন সাইবোর্ড স্থাপনকারীরা জানান- চণ্ডীপুল থেকে জালালপুরমুখী সড়ক হয়ে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে (বিরাহিমপুর গ্রাম) যেতে হয়। এ পথের সঙ্গে তার স্মৃতি জড়িয়ে আছে। তাই দীর্ঘদিন ধরে তার নামে চত্বরটির নামকরণের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। এবার সাইনবোর্ড স্থাপন করেছেন।

তাদের দাবি, আগের নামকরণটি বিধি অনুযায়ী হয়নি।

সাংবাদিক এম আহমদ আলী এ বিষয়ে বলেন, ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে স্মারকলিপি দিয়েছি। তারই ধারাবাহিকতায় নতুন নামের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।’

উল্লেখ্য, মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সিলেটের কৃতিসন্তান। তিনি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বাবা।

মাহবুব আলী খান ১৯৭৯ সালের ৪ নভেম্বর নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮০ সালের ১ জানুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে অভিষিক্ত হন। জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান এবং পরে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন মাহবুব আলী খান।

১৯৮২ সালের ১০ জুলাই থেকে ১৯৮৪ সালের ১ জুন পর্যন্ত যোগাযোগমন্ত্রী ছিলেন।

মাহবুব আলী খানের দায়িত্বকালে সিলেটের শাহজালাল সেতু, লামাকাজি সেতু ও শেওলা সেতুসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা হয়। পরবর্তীতে তাঁর স্মরণে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি সেতুর নামকরণ করা হয়।

এছাড়া মাহবুব আলী খানের নামে রয়েছে বালাগঞ্জ উপজেলা অডিটোরিয়াম।

ছবি : হাবিবুর রহমান সায়েম