টপ-২
০৯ই জুন, ২০২৬
সিলেটে গত দু-তিনদের টানা ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা নদীর পানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। নদীটির পানি সিলেট কানাইঘাট এলাকায় বিপৎসীমা ছুঁই ছুঁই।
নদীর পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে নদীর স্রোতও বেড়েছে এবং বিভিন্ন ঘাট এলাকায় পানির উচ্চতা আগের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলের কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়দের দাবি, পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা জরুরি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশের একাংশে প্রবেশ করেছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে তা সারা দেশে বিস্তার লাভ করতে পারে। মৌসুমি বায়ু বর্তমানে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে বিশেষ করে সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।