সাহিত্য
০৫ই মে, ২০২৬
উত্তরবঙ্গের রাজধানীখ্যাত জেলা বগুড়ার কন্যা কানিজ ফাতেমা সোমা। জীবনের বিস্তৃত তেপান্তরে ভিন্নরকম এক আঁচল বিছিয়েছেন তিনি, যেখানে শুধু শ শ সাদা পৃষ্ঠায় কালোর আঁচড়। কাগজের বুককে ক্ষতবিক্ষত করলেও, নির্মাণ করেন ভিন্ন এক মোহজগৎ। কলমের খোঁচায় অঙ্কন করেন জীবনচরিতের এ অধ্যায়- ও অধ্যায়।
শব্দের বুননে গল্পের ইমারত গড়া কানিজ ফাতেমা সোমার সাম্প্রতিক ৩টি বই সাড়া ফেলেছে পাঠকমহলে।
সেগুলো হচ্ছে- কারকুন, নীলচন্দ্রিমা ও বেড়াজালের অন্তরালে। এর মধ্যে ‘নীলচন্দ্রিমা’ ও ‘কারকুন’ থ্রিলার উপন্যাস।
আর ‘বেড়াজালের অন্তরালে’র বিষয়বস্তু বুঝতে হলে পাঠককে আওড়াতে হবে লেখিকার ঘোরলাগা একটি পঙক্তি- ‘এই পৃথিবীতে যারা সবার জন্য মায়া পুষে রাখে, তাদের আসলে নিজের বলে কিছু থাকে না’।
বাকিটা বুঝার দায়িত্ব পাঠকের।
বইগুলো মিলছে রকমারি, প্রজ্ঞা ও বুকলেট ডটকম ওয়োবসাইটগুলোতে। মিলছে লেখিকার প্রকাশনা প্রতিষ্ঠান ‘নবকথন’-এ।
এছাড়া কানিজ ফাতেমা সোমার লেখালেখির পেইজ- ‘Kanis Fatema - সোমার গল্পরাজ্য’-তেও মিলছে গ্রন্থগুলো।
প্রতিভাধর লেখিকা কানিজ ফাতেমা সোমার জন্ম বগুড়ায়। বাবা মো. আব্দুল গণি খন্দকার এবং মা মিসেস রেহানা ইয়াসমিনের একমাত্র কন্যাসন্তান তিনি। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আযিযুল হক কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ভর্তি হন দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। সেখান থেকেই অনার্স শেষ করে মাস্টার্সের জন্য বেছে নেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ।
স্কুলে পড়াকালীন সময় থেকেই লেখালেখির হাতেখড়ি। জড়িত ছিলেন রেডক্রিসেন্ট, বিশ্ব সাহিত্য কেন্দ্র, কম্পাস নাট্য সম্প্রদায় ছাড়াও কণ্ঠসাধন আবৃত্তি সংসদের সাথে।
কানিজ ফাতেমা সোমার একক উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘কারকুন’, ‘বেড়াজালের অন্তরালে’, ‘ছন্দপতন’ ও ‘জোছনার নীলে মিশে’।
‘অনুভূতির কল্পকথন’ তার সম্পাদিত প্রথম গল্পগ্রন্থ।
এ পর্যন্ত বেশ কয়েকটি গল্পসংকলনে প্রকাশিত হয়েছে তার লেখা ছোট গল্প।
একজন ভয়েস আর্টিস্ট হিসেবে যুক্ত আছেন বেশ কয়েকটি নিউজ চ্যানেলের সাথে।
ভালোবাসেন রজনীগন্ধা, কাঠগোলাপ ও বেলি ফুল।
ব্যক্তিগত জীবনে কে. এম. আশরাফ উদ্দিন ফেরদৌসের সহধর্মিণী।
দুই কন্যা যথাক্রমে আয়েশা, আলিয়াহ এবং একমাত্র পুত্র আবরারকে নিয়েই তার পৃথিবী।
অবসর সময়ে বই পড়েন। ভ্রমণপিপাসু এই লেখকের অন্যতম নেশা বাগান করা, ছবি আঁকা এবং লেখালেখির চর্চাতে নিজেকে ডুবিয়ে রাখা।