বিদেশ

মন্ত্রী আরিফের হাত ধরে খুলছে মরিশাসের শ্রমবাজার

Icon
সচিত্র সিলেট ডেস্ক :

০৮ই জুন, ২০২৬

মন্ত্রী আরিফের হাত ধরে খুলছে মরিশাসের শ্রমবাজার

সুইজারল্যান্ড এর জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬ এ যোগ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। 

পুর্ব নির্ধারিত সূচী অনুযায়ী জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 

সভায় মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। যার ফলশ্রুতিতে খুব শিঘ্রই দুই দেশের সমঝোতা-স্মারক স্বাক্ষর হবে বলে আশা করা যাচ্ছে। 

বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে মরিশাস আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রমবাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারক এর খসড়া বাংলাদেশে শিঘ্রই প্রেরণ করবেন মর্মে মারিশাসের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন।

এছাড়া বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মরিশাস সরকার। 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুরুতেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণের বিষয়ে সমঝোতা-স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান। 

তিনি আরও বলেন- টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী।

সবশেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ড এ বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি  নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম ও বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।