খেলা

ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

Icon
স্পোর্টস ডেস্ক:

৩১ই মে, ২০২৬

ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

ভিসা জটিলতার অনির্দিষ্টকালের জন্য আটকে পড়েছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল।  রবিবার (৩১ মে) মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল দেশটির।

কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ এখনো ভিসা না পাওয়ায় এই যাত্রা স্থগিত করতে বাধ্য হতে হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন (এসএবিসি) জানিয়েছে, তাদের পূর্বনির্ধারিত ফ্লাইটটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এই ধরনের অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস।

এই ঘটনাকে ‘অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়’ বলে আখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি বলেছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে।


আপলোড: শিউলি