জীবন
১৪ই মে, ২০২৬
থাইরয়েড গ্রন্থি একটি নালি বিহীন বা এন্ডোক্রাইন গ্রন্থি। প্রজাপতির মতো দেখতে এই গ্রন্থির অবস্থান আমাদের গলার ঠিক সামনে ও নীচের দিকে।
এই গ্রন্থি থেকে প্রধানত দুটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয় - Thyroxine(T4) এবং Triiodo thyronine(T3); থাইরয়েড হরমোন তৈরির জন্য প্রয়োজন হয় প্রধানত আয়োডিন। খাদ্যের আয়োডিন রক্তের মাধ্যমে থাইরয়েড গ্রন্থিতে পৌঁছায়। সেখানে একটি জটিল জৈব- রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে থাইরয়েড হরমোন তৈরি হয়। পরে এই হরমোন রক্ত প্রবাহের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পৌঁছায় এবং তার কাজ সম্পন্ন করে।
থাইরয়েড গ্রন্থির এই হরমোন তৈরির কার্যক্রম নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত Thyroid stimulating Hormone(TSH)। আমাদের রক্তে যখন থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় তখন পিটুইটারি গ্রন্থি বেশী বেশী TSH নিঃসরণ করে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, ফলে রক্তে TSH-এর পরিমাণ বাড়তে থাকে- এই অবস্থাকে বলে হাইপোথাইরয়েডিজম(Hypothyroidism)।
থাইরয়েড হরমোনের প্রধান কাজসমূহ
* থাইরয়েড হরমোন আমাদের দেহের বিপাক ক্রিয়ার নীরব নিয়ন্ত্রক Iআমাদের শরীরের প্রতিটি কোষের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং শক্তি উৎপাদনের মাধ্যমে শরীরের তাপমাত্রা বজায় রাখে।
* শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
* আমাদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, মাংসপেশি ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
* ত্বক, চুল ও নখের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরত্বপূর্ণ
কোনোকারণেথাইরয়েড গ্রন্থির হরমোন উৎপাদন কমে গেলে এই রোগকে বলেহাইপোথাইরয়েডিজম(Hypothyroidism)।
-পুরুষের তুলনায় মহিলাদের এই রোগ বেশী হয়।
লক্ষণসমূহ
* অতিরিক্ত ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা।
* সব সময় ঘুম ঘুম ভাব, শীত শীত অনুভব।
* ক্ষুধা মন্দা কিন্তু ওজন বৃদ্ধি পাওয়া, কোষ্ঠকাঠিন্য।
* মুখ ও চোখের চারপাশে ফোলা ভাব।
* প্রজননক্ষম নারীদের এই হরমোন কমে গেলে মাসিকের সমস্যা, অনিয়মিত ও অতিরিক্ত মাসিক হতে পারে, মহিলারা সন্তান ধরনের অক্ষম হতে পারে।
* নবজাতক ও শিশুদের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধিতে সমস্যা হতে পারে। এছাড়া মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে। কারণ গর্ভাবস্থায় মায়ের এই হরমোনের স্বল্পতা গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক গঠনে প্রভাব ফেলে।
* কাজ কর্মে ধীরগতি, হতাশা, দুঃখবোধ, উদাসীনতা, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে।
উপরের লক্ষণ সমূহ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যান, থাইরয়েড হরমোন পরীক্ষা করুন এবং প্রয়োজনে চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ জীবন যাপন করুন।
থাইরয়েড সুস্থ রাখতে করণীয়ঃ
* আয়োডিনযুক্ত লবণ খান।
* ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন-বি ১২, জিংক, কপার, আয়রন ও সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খান।
* ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন।
* মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুমান(৭-৮ ঘণ্টা) নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন করুন।
* কিছু খাবার অতিরিক্ত খেলে থাইরয়েড গ্রন্থির কাজে বাঁধা দেয়, যেমন: ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম,সয়াবিন বা সোয়া প্রোটিন ইত্যাদি। তবে রান্না করে খেলে ক্ষতিকর প্রভাব অনেক কমে যায়।
* অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, ধূমপান, মদ্যপান এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর জীবন যাপন করুন, সুস্থ থাকুন।
আপলোড : আব্দুল খালিক