টপ-২

সিলেটে র‍্যাবের জালে ৫, ‘আ গ্নে য়া স্ত্র’ উদ্ধার

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

০৯ই সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে র‍্যাবের জালে ৫, ‘আ গ্নে য়া স্ত্র’ উদ্ধার

সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৪টি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার এবং অনলাইন জুয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ও দুপুরে সিলেটের গোলাপগঞ্জ, কোতয়ালী ও শাহপরান থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে  এম  শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান- মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, ঢাকাদক্ষিণ ইউনিয়নস্থ দক্ষিণ সড়কের পূর্ব পাশের জঙ্গলে এয়ারগান রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এ পাহাড়ি জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা না গেলেও র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে, র‍্যাব-৯, সিপিএসসি ও সদর কোম্পানির পৃথক দুটি দল সিলেট মহানগরের বন্দরবাজার ও শাহপরাণ এলাকার মুরাদপুর বাজারে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার এলাকার ‘ত্রীবেদী’ নামক দোকানের সামনে থেকে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় ২ জনকে আটক করা হয়।

তারা হলেন- মহানগরের মাছিমপুরের মৃত আলাউদ্দিন আহম্মদের ছেলে মোঃ নান্নু আহম্মেদ (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁওয়ের মৃত মঞ্জু ভট্টাচার্যের ছেলে মোহন ভট্টাচার্য (২৮)। একই দিন রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর বাজারের একটি চায়ের দোকান থেকে আরও ৩ অনলাইন জুয়ারিকে আটক করা হয়।

তারা হলেন- পীরের চকের সাজ্জাদ আলীর ছেলে এহিয়া আহমদ (৩০), মুরাদপুরের তেরা মিয়ার ছেলে কয়ছর মিয়া (৩৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নয়াবাড়ির বাচ্চু মিয়ার ছেলে আল ইসলাম (৩৭)।

আটককালে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা বিভিন্ন অনলাইন অ্যাপ ও জুয়ার ওয়েবসাইটে তারা জুয়া খেলে আসছিল।

আটকাদের পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।