মতামত
২৩ই জুলাই, ২০২৬
সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বর্তমান চিত্র অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক। আধ্যাত্মিক নগরী, চায়ের রাজধানী কিংবা পর্যটন নগরী- যে নামেই সিলেটকে ডাকা হোক না কেন, এখানকার সড়কগুলোর বর্তমান দশা এই চেনা রূপকে মলিন করে দিচ্ছে। বর্তমানে সিলেটের প্রায় প্রতিটি প্রধান ও আঞ্চলিক সড়কই খানাখন্দ আর ছোট-বড় গর্তে সয়লাব। ফলে প্রতিদিন লাখ লাখ যাত্রীকে চরম ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই পরিস্থিতি শুধু দুঃখজনকই নয়, বরং চরম অবহেলারও বহিঃপ্রকাশ।
একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো তার যোগাযোগ ব্যবস্থা। কিন্তু সিলেটের সড়কগুলোর দিকে তাকালে বোঝার উপায় নেই যে এগুলো কোনো বিভাগীয় শহরের রাস্তা নাকি কোনো পরিত্যক্ত পথ। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো মিনি পুকুরে পরিণত হয়, আর শুকনা মৌসুমে ধুলোবালিতে অন্ধকার হয়ে যায় চারপাশ। এই ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে শত শত যানবাহন। সবচেয়ে বেশি বিপদে পড়ছেন গর্ভবতী নারী, শিশু এবং জরুরি রোগীরা। সময়মতো হাসপাতালে পৌঁছানো যেখানে জীবন-মরণের প্রশ্ন, সেখানে ভাঙা রাস্তার ঝাঁকুনি আর যানজটে আটকা পড়ে রোগীদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে।
নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাব, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই আজ সিলেটের রাস্তাঘাটের এই কঙ্কালসার দশা। জোড়াতালির মেরামত যে কোনো স্থায়ী সমাধান নয়, তা বারবার প্রমাণিত হয়েছে। আজ মেরামত করলে কয়েকদিন পরই তা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, যা জনগণের ট্যাক্সের পয়সার অপচয় ছাড়া আর কিছুই নয়।
সিলেটের সড়কগুলোর এই মরণদশা আর কতদিন চলবে? এই চরম জনদুর্ভোগ কোনোভাবেই আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সড়কের এই বেহাল দশা সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।
আমরা আশা করি, বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট উচ্চপদস্থ মহলের নজরে আসবে। ভাঙা রাস্তাগুলোর টেকসই ও স্থায়ী মেরামতের জন্য এখনই একটি সুনির্দিষ্ট ও সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। ঠিকাদারি কাজের গুণগত মান কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং কাজে গাফিলতি বা দুর্নীতির প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
সিলেটের মানুষের এই নিত্যদিনের দুর্ভোগ লাঘবে এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে অনতিবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্বÑকর্তৃপক্ষ তা দ্রুত অনুধাবন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
আপলোড : আব্দুল খালিক