মতামত

প্রথম থানা পর্যায়ে এমন সেবা সিলেটে : প্রবাসী হেল্প ডেস্কের কার্যকারিতা নিশ্চিত হোক

Icon
সম্পাদকীয়

০৯ই জুলাই, ২০২৬

প্রথম থানা পর্যায়ে এমন সেবা সিলেটে : প্রবাসী হেল্প ডেস্কের কার্যকারিতা নিশ্চিত হোক

 


প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠান, অথচ দেশে তাদের পরিবার কিংবা তাদের রেখে যাওয়া সম্পদ প্রায়শই নানা ধরনের হয়রানি, জালিয়াতি ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এই বাস্তবতায় সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালুর উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। এর আগে সিলেট জেলা পুলিশ কার্যালয়েও অনুরূপ ডেস্ক চালু হয়েছিল। বিভাগের অন্যান্য জেলায় আছে এমন ডেস্ক।


জেলা পর্যায়ের পর এবার তৃণমূল বা উপজেলা পর্যায়ে প্রবাসীদের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে একটি ইতিবাচক মাইলফলক।
তবে আমাদের দেশে যেকোনো ভালো উদ্যোগের ক্ষেত্রে বড় সংকট তৈরি হয় এর ধারাবাহিকতা ও আন্তরিকতা নিয়ে। অনেক সময় দেখা যায়, জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর প্রচারের আলো নিভে গেলে আইনি সহায়তা কেন্দ্রগুলো কেবল আনুষ্ঠানিকতায় রূপ নেয়। প্রবাসী হেল্প ডেস্কের ক্ষেত্রে যেন তেমনটি না ঘটে, তা নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। প্রবাসীরা যেন এই ডেস্কে যোগাযোগ করে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা গড়িমসির শিকার না হন, বরং তাৎক্ষণিক ও দৃশ্যমান সহযোগিতা পান, তা নিশ্চিত করতে হবে।


মনে রাখতে হবে, প্রবাসীরা হাজার মাইল দূরে অবস্থান করায় দেশের মাটিতে তাদের পক্ষে আইনি লড়াই চালানো বা সশরীরে থানায় এসে তদারকি করা অসম্ভব। তাই এই ডেস্কগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত প্রবাসীদের অভিযোগ অত্যন্ত সংবেদনশীলতার সাথে গ্রহণ করা, দ্রুত তদন্ত নিশ্চিত করা এবং তাদের পরিবারের জানমালের নিরাপত্তা দেওয়া। জেলা পুলিশ ও থানা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ডেস্কের কার্যক্রম নিয়মিত মনিটরিং বা নজরদারিতে রাখতে হবে।


গোলাপগঞ্জের এই উদ্যোগটি সফল হলে তা দেশের বাকি ৪৯০টিরও বেশি উপজেলার জন্য একটি রোল মডেল বা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র এবং প্রশাসন হিসেবে আমাদের দায়িত্ব। আমরা আশা করি, গোলাপগঞ্জ মডেল থানা ও জেলা পুলিশের এই বিশেষ ডেস্কগুলো প্রবাসীদের আস্থা ও ভরসার প্রকৃত প্রতীক হয়ে উঠবে এবং তারা এর পূর্ণ সুফল পাবেন।