প্রযুক্তি

আগামীকাল উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের জিপিটি- ৫.৬

Icon
প্রযুক্তি ডেস্ক

০৮ই জুলাই, ২০২৬

আগামীকাল উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের জিপিটি- ৫.৬

প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই  আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৫.৬ উন্মুক্ত করতে যাচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মডেলটির প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছিল।

বুধবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানায়।


মঙ্গলবার (৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআই জানায়, জিপিটি- ৫.৬ সল-এর পাশাপাশি কম খরচের টেরা ও লুনা নামের দুটি মডেলও উন্মুক্ত করা হবে।

এর আগে সীমিত পরিসরে কিছু অনুমোদিত অংশীদারের কাছে জিপিটি-৫.৬ ব্যবহারের সুযোগ দিয়েছিল ওপেনএআই। তাদের তথ্যও যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে শেয়ার করা হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উন্নত এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, অত্যন্ত শক্তিশালী এআই মডেল সাইবার হামলা আরো জটিল ও কার্যকর করে তুলতে পারে। বিশেষ করে পুরনো ও জটিল প্রযুক্তিনির্ভর অবকাঠামো এ ধরনের হামলার ঝুঁকিতে বেশি।

এ কারণেই যুক্তরাষ্ট্র সরকার উন্নত এআই মডেল উন্মুক্ত করার আগে সেগুলোর নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি করছে।


আশঙ্কা করা হচ্ছে, এসব প্রযুক্তি চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের সামরিক কিংবা গোয়েন্দা সংস্থা অপব্যবহার করতে পারে।
অন্যদিকে, চীনও তাদের সবচেয়ে উন্নত এআই মডেল বিদেশে ব্যবহারের সুযোগ সীমিত করার বিষয়টি বিবেচনা করছে। এ নিয়ে দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকও করেছে চীনা কর্তৃপক্ষ।

সম্প্রতি ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক জাতীয় নিরাপত্তার কারণে তাদের উন্নত মিথোস ফাইভ ৫ ও ফেবল ৫ মডেল সাময়িকভাবে সবার জন্য বন্ধ করে দিয়েছিল। পরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার পর ফেবল ৫-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও মিথোস এখনো কেবল কিছু বিশ্বস্ত মার্কিন প্রতিষ্ঠানের জন্য সীমিত রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর ট্রাম্প প্রশাসন জিপিটি-৫.৬ সবার জন্য উন্মুক্ত করার অনুমোদন দিয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

এদিকে, ওপেনএআইয়ের পাশাপাশি ইলন মাস্কও ঘোষণা দিয়েছেন, তার প্রতিষ্ঠান স্পেসএক্স-এআই-এর সর্বাধুনিক এআই মডেল গ্রক ৪.৫ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর আওতায় উন্নত এআই মডেল তৈরি করা প্রতিষ্ঠানগুলো চাইলে মডেল উন্মুক্ত করার আগে সর্বোচ্চ ৩০ দিনের জন্য তা যুক্তরাষ্ট্র সরকারের কাছে পর্যালোচনার জন্য জমা দিতে পারবে।

 

আপলোড : আব্দুল খালিক