লিড
১০ই জুন, ২০২৬
সিলেট মহানগর এলাকায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 'ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'-এর এটিএম বুথগুলোতে তীব্র টাকা (ক্যাশ) সংকট দেখা দিয়েছে।
তবে কর্তৃপক্ষের দাবি- তথ্যটি সঠিক নয়।
গত রবিবার থেকে শুরু করে সপ্তাহের মাঝামাঝি সময়েও অধিকাংশ বুথ খালি পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
সিলেট মহানগরের বিভিন্ন এলাকার ইসলামী ব্যাংকের এটিএম বুথ ঘুরে এ চিত্র দেখা গেছে।
বুথ খোলা থাকলেও ভেতরে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।
ভোগান্তিতে পড়া সিলেটের এক জামেয়াশিক্ষক ও কবি-লেখক মামুন সুলতান ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে লেখেন- 'ইসলামী ব্যাংকের কোনও বুথে টাকা নাই। গত রবিবারেও শূন্য (সিলেটের প্রতিটি বুথে), আজকেও শূন্য (সিলেটের প্রতিটি বুথে)। তাহলে ব্যাংকটা কি শূন্যের পথে এগুচ্ছে?'
আরেক ভুক্তভোগী গ্রাহক সচিত্র সিলেটকে বলেন, "জরুরি চিকিৎসা ও নিত্যদিনের খরচের জন্য এটিএম বুথের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দিনের পর দিন বুথগুলোতে টাকা না থাকা দায়িত্বহীনতার শামিল।"
দ্রুত এই সংকট নিরসন করে স্বাভাবিক সেবা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সিলেটের ভুক্তভোগী গ্রাহকরা।
তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি- তাদের বুথগুলোতে তারল্য সংকট নেই।
এ বিষয়ে বুধবার (১০ জুন) বিকালে ইসলামি ব্যাংক সিলেটের বুথ ব্যবস্থাপক রেজওয়ান আহমদ সচিত্র সিলেটকে বলেন- আমাদের কোনো বুথে তারল্য সংকট নেই। তবে মাঝেমধ্যে মেশিন হিট হয়ে সমস্যা করতে পারে। এগুলো আমরা দ্রুত সমাধানের চেষ্টা করি।
তিনি বলেন- বুথগুলোতে আমার টাকা রিলোডের নির্দিষ্ট সময় রয়েছে। এই সময়ের হেরফেরেও মাঝেমধ্যে গ্রাহকদের টাকা তুলতে অসুবিধা হয়। তবে সাময়িক।