দেশ

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

০৭ই জুন, ২০২৬

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার হাতে ও পায়ে ৩টি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (০৭ জুন) বিকাল সোয়া ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্ত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।

তিনি আরও জানান, ওই ব্যবসায়ীর হাতের কুনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপলোড: শিউলি