সিলেট

জৈন্তাপুরে ভাতিজার দায়ের কোপে আহত চাচার মৃত্যু

Icon
জৈন্তাপুর প্রতিনিধি

২৬ই জুলাই, ২০২৬

জৈন্তাপুরে ভাতিজার দায়ের কোপে আহত চাচার মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কাপনাকান্দি গ্রামে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে আপন ভাতিজার দায়ের কোপে গুরুতর আহত হওয়ার এক মাস পর মারা গেছেন মনোফর আলী (৭০)। 

রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জানা যায়, গত ২৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে মনোফর আলীর মালিকানাধীন রাস্তার ওপর বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে তার আপন ভাতিজা রাহিম আলীর নেতৃত্বে কয়েকজন সংঘবদ্ধ হয়ে মনোফর আলীর বাড়ির উঠানে গিয়ে হামলা চালায়। হামলার একপর্যায়ে রাহিম আলী ধারালো দা দিয়ে মনোফর আলীর মাথায় কোপ দেন। এতে মনোফর আলী মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে 
উদ্ধার করে প্রথমে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন সেখানে ১৬ দিন চিকিৎসা শেষে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন চিকিৎসা চললেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মনোহর আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হামলার ঘটনায় নিহতের পুত্রবধূ মোছা. শিপা বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি)।