দেশ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

Icon
সচিত্র সিলেট ডেস্ক:

২৬ই জুলাই, ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এরমধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন করে আছেন ঢাকা ও বরিশাল বিভাগের।

অধিদপ্তরের হিসাবে, দেশে ১৫ মার্চ থেকে সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে ৭২৫ জনের মৃত্যু হলো। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের শরীরে।

দেশে হামের উপসর্গ নিয়ে এবছর সবচেয়ে বেশি ৩১৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৬ জন।

এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৯০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪১ জন।

ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৩২২ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ৯৫, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৫৫, ময়মনসিংহে ৫৫, খুলনায় ৪১ ও রংপুরে ভর্তি হয়েছেন ২১ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ছয় হাজার ২৩৯ জন।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২।