সিলেট
২৫ই জুলাই, ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় সড়কটি পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যদি রাস্তার দুই পাশ থেকে জায়গা ছাড়েন, তাহলে আমরা পুরো রাস্তা আরসিসি করবো।
সড়ক পরিদর্শকালে সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই করতে আরসিসি নির্মাণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কাপনা নদীর ওপর বিদ্যমান সেতুটি ভেঙে আরও প্রশস্ত ও আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী।
এছাড়াও এই সড়কের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী স্থানীয়দের রাস্তার দুই পাশের গাছপালা পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেন মন্ত্রী। এসময় মন্ত্রী সড়ক টেকসই রাখতে নির্মাণকাজের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও সচল রাখার নির্দেশনাও দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কার কাজ নিয়ে সচিত্র সিলেটে সংবাদ প্রকাশের শুক্রবার মন্ত্রী সড়কটির সংস্কার কাজ পরিদর্শন করেন।