সাধারণ
২৫ই জুলাই, ২০২৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে জকিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
অভিযানের নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, একটি মামলার সন্দেহভাজন আসামি রাজিব বিশ্বাস (২১), শাহজাহান আহমদ (২২) ও এনাম আহমদ (৩০)। একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শিবুল আহমদ এবং পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪ ধারায় রনি আহমদ (১৯)।
গ্রেফতারকৃত রাজিব বিশ্বাসের বাড়ি কানাইঘাট উপজেলার দর্পনগর (পশ্চিম নালুহারা) গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জকিগঞ্জ উপজেলার খাসেরা এলাকায় বসবাস করেন। শাহজাহান আহমদের বাড়ি মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে, এনাম আহমদের বাড়ি একই ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে। শিবুল আহমদের বাড়ি গন্ধদত্ত গ্রামে এবং রনি আহমদের বাড়ি জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট এলাকায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।