সিলেট

সিলেটে ওসি পরিচয়ে টাকা দাবি, পুলিশের জরুরি সতর্কবার্তা

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৫ই জুলাই, ২০২৬

সিলেটে ওসি পরিচয়ে টাকা দাবি, পুলিশের জরুরি সতর্কবার্তা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) ভুয়া পরিচয় দিয়ে একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, 01870370935 নম্বরটি ব্যবহার করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের পরিচয় দিয়ে প্রতারক চক্র আর্থিক সুবিধা হাসিলের চেষ্টা করছে।

এসএমপি স্পষ্ট করে জানিয়েছে- উক্ত মোবাইল নম্বরটি কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নয়।

বিজ্ঞপ্তিতে আরও অনুরোধ জানানো হয়েছে- উক্ত নম্বরটি থেকে কোনো ফোনকল বা বার্তা (SMS) পেলে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। প্রতারণার কৌশল হিসেবে কেউ টাকা দাবি করলে বা এ ধরনের ঘটনায় শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ জানায়- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা ফোনে কখনোই টাকা দাবি করেন না। এমন ভুয়া কল বা মেসেজ পেলে দ্রুত ৯৯৯-এ অথবা নিকটস্থ থানায় অবহিত করুন।