সিলেট

সচিত্র সিলেটে প্রতিবেদন : সংস্কার হচ্ছে গোলাপগঞ্জ চৌমুহনীর সড়ক

Icon
মাহদী রহমান, গোলাপগঞ্জ :

২৪ই জুলাই, ২০২৬

সচিত্র সিলেটে প্রতিবেদন : সংস্কার হচ্ছে গোলাপগঞ্জ চৌমুহনীর সড়ক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার ঝুঁকিপূর্ণ সড়কের গর্তগুলোতে অবশেষে সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটি নিয়ে জনদুর্ভোগ, দুর্ঘটনার ঝুঁকি এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতির বিষয়টি তুলে ধরে দৈনিক সচিত্র সিলেটে সংবাদ প্রকাশের পর এ সংস্কার কাজ শুরু হয়।

দেখা যায়- চৌমুহনীতে প্রবেশমুখ, ফুলবাড়ী সংযোগ সড়ক এবং চৌমুহনী পয়েন্টের ক্ষতিগ্রস্ত অংশে বড় বড় গর্তে ভাঙা ইট, খোয়া ও রাস্তার নির্মাণসামগ্রী ফেলে অস্থায়ীভাবে ভরাটের কাজ চলছে। কয়েকজন শ্রমিককে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ব্যস্ত দেখা যায়।

চৌমুহনী জামে মসজিদ-এর কোষাধ্যক্ষ আনছার আহমদ জানান, টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন যানবাহন চলাচলে জামের সৃষ্টি হয়। আর তীব্র যনজট লেগে গেলে মসজিদ-এর পাশে অতিরিক্ত হর্ণ-এর জন্য নামাজীদের সমস্যা হতো। তবে আশা করছি- সমস্যাটি এখন দুর হবে।

স্হানীয় ব্যবসায়ী শরিফ আহমদ বলেন,"সড়কের বেহাল অবস্থার কারণে বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও আশপাশের এলাকার অনেক ক্রেতা গোলাপগঞ্জ বাজারে আসতে চায় না। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছিলো। তবে বর্তমানের অস্থায়ী সংস্কার কতদিন টিকবে তা জানা নেই। ভাঙা ইট আর রাস্তার ডাস্ট ফেলে আর কতটুকু ভরসা করা যাবে।"

স্হানীয় সচেতন মহলের দাবি, আপাতত গর্ত ভরাটের উদ্যোগ ইতিবাচক হলেও বর্ষা শেষে দ্রুত টেকসইভাবে পুরো সড়ক সংস্কার করতে হবে। অন্যথায় অল্প দিনের মধ্যেই একই সমস্যা আবার দেখা দিতে পারে।

এ বিষয়ে গোলাপগঞ্জ সড়ক উপ-বিভাগ-এর উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আহমেদ সচিত্র সিলেটকে জানান- সড়কটিতে মেরামতের কাজ চলমান রয়েছে।এটা একটি মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত বিধায় পরবর্তীতে স্থায়ী মেরামতের জন্য নতুন প্রকল্প ও বরাদ্দ লাগবে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) "গোলাপগঞ্জ চৌমুহনী বেহাল" শিরোনামে দৈনিক সচিত্র সিলেটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।