সিলেট

সিলেটে স্কুল প্রাঙ্গণেই প্রধান শিক্ষিকার রিল ভিডিও! সমালোচনার ঝড়

Icon
সচিত্র সিলেট রিপোর্টার :

২৩ই জুলাই, ২০২৬

সিলেটে স্কুল প্রাঙ্গণেই প্রধান শিক্ষিকার রিল ভিডিও! সমালোচনার ঝড়

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্কুল প্রাঙ্গণেই প্রধান শিক্ষিকা গানসম্বলিত রিল ভিডিও করে ফেসবুকে আপলোড করায় বইছে সমালোচনার ঝড়।

ওই শিক্ষিকার নাম বিউটি পাল। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, বিউটি পাল নিজের ফেইসবুক একাউন্ট (annabel Li Li) থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে কয়েক সেকেন্ডের  একটি রিল ভিডিও পোস্ট করেন। 

ভিডিওতে দেখা যায়, বিউটি পাল বিদ্যালয় প্রাঙ্গনেই শাড়ি পরে খোলা চুলে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করছেন এবং ব‍্যাকগ্রাউন্ডে "আজ কেন মন উদাসী হয়ে/ দূর অজানায় চায় হারাতে..." গানটি বাজতেছে।

প্রধান শিক্ষিকার এমন ভিডিও দেখে স্থানীয় সচেতন মহল এবং শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অনেকেই বলছেন- প্রধান শিক্ষিকাই যদি বিদ‍্যালয়ে এমন করেন তবে কোমলমতি ছাত্রছাত্রীরা তো লেখাপড়া বাদ দিয়ে এসবের দিকেই ঝুঁকে পড়বে। মোবাইল আসক্তি বাড়বে এবং খারাপ পথে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে বিষয়টিকে 'দোষ'র দেখছেন না প্রধান শিক্ষিকা বিউটি পাল।

তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুঠোফোনে সচিত্র সিলেটকে বলেন- এটা আর এমন কী? মানুষের ব‍্যক্তিগত লাইফ থাকতে পারে না?

তিনি আরও প্রশ্ন রেখে বলেন- এটা নিয়ে নিউজ করলে কি চাকরি চলে যাবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে 'সরি' বলবো- আর কিছু হবে না।

বিষয়টি নিয়ে তাঁকে ফেঞ্চুগঞ্জের এক সাংবাদিক হয়রানি করছেন- এমন অভিযোগও করেন বিউটি পাল।