সিলেট
২৩ই জুলাই, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয় যেন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের আখড়ায় পরিণত হয়েছে। নতুন ভোটার তালিকার নাম তোলা, তথ্য সংশোধন কিংবা ফিঙ্গারপ্রিন্ট প্রদানের ক্ষেত্রে অনাবাসী ও প্রবাসী বাংলাদেশিরা পদে পদে চরম ভোগান্তি ও অর্থ দাবির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কোনো কাজই নির্ধারিত নিয়মে সহজভাবে হচ্ছে না; প্রতিটি ধাপে দালালদের মোটা অঙ্কের টাকা না দিলে আটকে যাচ্ছে সাধারণ প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র।
স্থানীয় ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, বিদেশফেরত প্রবাসীরা ভোটার তালিকাভুক্ত হতে কিংবা প্রবাসে অবস্থানরতদের প্রসেসিং সংক্রান্ত কাজ করতে আসলেই একশ্রেণির দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে। একজন প্রবাসীকে ভোটার তালিকাভুক্ত করা কিংবা ফিঙ্গারপ্রিন্ট প্রদানের সুযোগ করে দিতে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। টাকা না দিলে নানাবিধ অজুহাতে দিন পার করলেও মিলছে না প্রয়োজনীয় সেবা।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য বা সৌদি আরবগামী নারী শ্রমিকরাও এই সিন্ডিকেটের হাত থেকে রেহাই পাচ্ছেন না। বিদেশে যাওয়ার পূর্বশর্ত হিসেবে দ্রুততম সময়ে ফিঙ্গারপ্রিন্ট বা ভোটার সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে নারী প্রবাসীদেরও বাধ্য হয়ে হাজার হাজার টাকা দিতে হচ্ছে দালাল চক্রের হাতে। প্রতি মঙ্গলবার ভোট তোলার কথা থাকলেও টাকা দিলে সাথে সাথে ফিঙ্গার দেওয়া যায়, টাকা না দিলে এক সাপ্তাহ অপেক্ষা করতে হয়।
ভুক্তভোগী এক প্রবাসীর স্বজন জানান, ‘প্রবাসী স্বজনের ভোটার সংক্রান্ত কাজ করতে এসে দেখি সোজা পথে কোনো কাজ হয় না। বাইরে ঘুরতে থাকা দালালদের টাকা দিলে ভেতরে দ্রুত কাজ হয়ে যায়। আর না দিলে কাগজপত্রে ভুল ধরে হয়রানি করা হয়। অফিস কর্মকর্তা ও বাইরের দালাল চক্রের গভীর যোগাযোগের কারণেই এই অনিয়ম দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে। অফিসে কর্মচারী ও বাহিরের দালালদের যোগাযোগ ফোনে রয়েছে। দালালরা আগে ফাইল অফিসের লোক জনের কাছে জমা দিয়ে আসে, পরে ফোনে ফোনে যোগাযোগ চলে।
অভিযোগ রয়েছে, নির্বাচন অফিসের ভেতরকার কিছু অসাধু কর্মচারী ও বাইরের চিহ্নিত দালাল সিন্ডিকেটের সমন্বয়ে একটি শক্তিশালী ‘কমিশন নেটওয়ার্ক’ গড়ে উঠেছে। অফিসের নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অঘোষিত ইশারাতেই দালালরা সেবাগ্রহীতাদের কাছ থেকে বেপরোয়া টাকা আদায় করছে।
প্রবাসীদের অভিযোগ, প্রবাসে অর্জিত কষ্টে অর্জিত অর্থ দিয়ে দেশের অর্থনীতি সচল রাখলেও নিজ জন্মভূমিতে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে তাদের এভাবে জিম্মি হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসের দালাল সিন্ডিকেট ভেঙে দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ প্রবাসী ও স্থানীয় সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই দালাদ গুলো জগন্নাথপুর সাব রেজিস্ট্রার, ভুমি অফিস,ও নির্বাচন অফিসে ঘোরাঘুরি করতে দেখা যায় প্রতিনিয়ত, এই দালালদের নাম তালিকা করেন আইনি ব্যবস্থা নেওয়া হোক।
জগন্নাথপুর উপজেলার একজন সচেতন নাগরিক বলেন, যখন প্রবাসী ভোট তুলতে অফিসে যায়, নির্বাচন কর্মকর্তা ভালো করে জিজ্ঞেস করলে দালালদের নাম পাওয়া যাবে।
এ ব্যাপারে জগন্নাথপুর নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, আমার অফিসে ভোট তুলতে টাকা লাগে না, কাগজপত্র সঠিক থাকলে সাথে সাথে ভোট তোলা যায়। দালালরা আমাদের এখানে আসে না।
আপলোড : আব্দুল খালিক