সিলেট
২৩ই জুলাই, ২০২৬
আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষ্যে স্থানীয় জামায়াত ও এনসিপিসহ শরিক দলগুলো প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে।
তবে এ ‘জোট’র অন্যতম শরিক দল খেলাফলত মজলিস শনিবারের সমাবেশে থাকবে না বলে জানা গেছে।
এছাড়া দলটি ঐক্যে থাকবে কি না সেটি নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।
সংশ্লিষ্ট সূত্র সচিত্র সিলেটকে জানিয়েছে, আগামী শনিবার ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্যদের বৈঠক রয়েছে। এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে- তারা ১১ দলের সঙ্গে থাকবে কী না।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তীতে চলমান জুলাইয়ে সিলেটজড়ে সমাবেশ ও গণমিছিলসহ নানা কর্মসূচি পালন করছে খেলাফত মজলিস। আজ বৃহস্পতিবারও ছিলো তাদের কর্মসূচি। বিকেল ৩টায় সিলেট মহানগরের রেজিস্ট্রি মাঠে তাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সাংসদ ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আবুল হাসান এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ।
মাওলানা নেহাল আহমদ জানিয়েছেন- শনিবার ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্ধারিত হবে খেলাফত মজলিস ১১ দলের সঙ্গে থাকবে কী না।
এ ছাড়া সিলেটের সমাবেশের দিন ঢাকায় তাদের শূরা বৈঠক থাকায় নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করছে ১১ দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করবেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ জোটের শীর্ষ নেতারা।
সমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে ব্যানার, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।