সিলেট
২৩ই জুলাই, ২০২৬
জাতীয় পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অর্জন করায় বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন- জাতীয় পর্যায়ে বিয়ানীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন শুধু উপজেলার নয়, সমগ্র সিলেটবাসীর জন্য এটি গর্বের।
এমপি আরও বলেন- একটি বিদ্যালয়ের জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একইভাবে কাজ করে যেতে হবে। এই সাফল্য অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার-এর সভাপতিত্বে এবং শিক্ষক তন্ময় পাল চৌধুরী ও প্রাক্তন শিক্ষার্থী রায়হান আলম সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম, সমাজকর্মী হুমায়ুন কবির আখিল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, অভিভাবক সদস্য সারোয়ার হোসেন ও হোসাইন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, বিতর্ক প্রতিযোগিতা, নাচ-গান সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
(রিপোর্ট : আহমদ রেজা)