সিলেট

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

Icon
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

২৩ই জুলাই, ২০২৬

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ডসহ ৫ দোকানিকে মোট ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫ টায়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ও জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীনগর গ্রামের মনাই মাহিস্য দাস (৬০) ও ইসলামপুর গ্রামের জালাল উদ্দিনকে (৪৫) মাদক সেবনের অপরাধে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে ৫টি দোকানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, দণ্ডপ্রাপ্তদের থানা পুলিশে দেওয়া হয়েছে। এছাড়াও আরেক মাদকসেবীর বাড়িতে মদের বোতল পাওয়া গেছে। তবে ওই মাদকসেবীকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের আজ সকালে  সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এবং পলাতক একজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


(রিপোর্ট : গোবিন্দ দেব)