সাধারণ

বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon
বিশ্বনাথ প্রতিনিধি

২৩ই জুলাই, ২০২৬

বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটের বিশ্বনাথে নবপ্রতিষ্ঠিত কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুটি পৃথক স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিদেশি ও দেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রায় সাড়ে ৭ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, যুক্তরাজ্যভিত্তিক Selfless Global Health Leadership Charity Organization দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মানবিক চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বুধবার (২২ জুলাই) বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার এলাকায় অবস্থিত কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

একই দিনে উপজেলার দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে, দেওকলস ইউনিয়ন হেলপিং হ্যান্ডস ইউকে-এর আয়োজনে অনুষ্ঠিত পৃথক আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সাড়ে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান সাহেদ আহমদ কয়েস-এর সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর শফিউল ইসলাম মামুন-এর পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

বিদেশি চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের Selfless Global Health Leadership Charity Organization-এর সদস্য ডা. নাঈম আহমেদ, ডা. জাহাঙ্গীর আলম, এনিনা আইম্যাকন, ডা. কাউলান কানিংহাম, ডা. আনা ফারওয়াহ, ডা. বারিদা পিউ, ডা. নাওমি পটস, ডা. সাবেইন হোসাইন, অ্যাশ গুগনানি ও এলিসা জ্যাকসন।
বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মাহমুদুল আমিন, ডা. তাসনিয়া আক্তার সুইটি এবং ডা. তৌফিকুর রহমান।

এ সময় যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ডিরেক্টর ফখরুল ইসলাম সুমেল, জেনারেল ম্যানেজার মাহবুব আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(রিপোর্ট : এস এ সাব্বির আহমদ)